প্রকাশিত: Tue, May 9, 2023 10:44 AM
আপডেট: Fri, Sep 11, 2026 11:44 AM

গাজীপুর সিটি নির্বাচন

প্রতীক পেয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু নানা প্রতিশ্রুতিতে ভাসছে নগরী

এম এম লিংকন, হাসিব খান: গাজীপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ মে। উৎসবমুখর পরিবেশে প্রতীক নিয়ে প্রচারণায় নেমেছেন গাজীপুর সিটি করপোরেশনের আট মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। মঙ্গলবার সকালে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। 

গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, গণফ্রন্ট ও ইসলামী আন্দোলন এবং স্বতন্ত্রসহ মোট ৮ জন মেয়র পদে লড়ছেন। এরমধ্যে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান এবং ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী, সাবেক মেয়র জাহাঙ্গীরের মা  জায়েদা খাতুনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। 

প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে পুরো গাজীপুর শহরের মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী এবং তাদের অনুসারীদের পদচারণে মুখর হয়ে ওঠে। কাঙ্খিত প্রতীক পেয়ে প্রার্থীরা স্লোগান দিতে দিতে কেউ দলীয় কার্যালয়ে যান,আবার কেউ কেউ ফেরেন এলাকায়।

প্রতীক বরাদ্দ পেয়ে আজমত উল্লাহ খান বলেন, প্রতিক বরাদ্দ পেয়েছি তাই এই বঙ্গতাজ অডিটোরিয়াম থেকেই আমার প্রচারণা শুরু করছি। অবশ্যই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। 

প্রতীক নিয়ে ফিরে যাওয়ার সময় জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন সাংবাদিকদের বলেন, লটারিতে টেবিল ঘড়ি মার্কা পেয়েছি। আমি গাজীপুর সিটি কর্পোরেশনের সবার কাছে ভোট চাই। 

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, গাজীপুর সিটিতে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬জন। ৫৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৩৯ জন, সংরক্ষিত ১৯টি নারী কাউন্সিলর পদে ৭৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভোটকেন্দ্র ৪৮০টি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব